রোজদিন ডেস্ক :
আগামী ১০ জুলাই এর মধ্যে রাজ্যের সব বন্ধ চটকল খুলছে। সম্প্রতি এই নিয়ে শ্রমমন্ত্রী অর্জুন সিং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৈঠক করেন। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা পূর্ব বর্ধমানের একাধিক চটকলের মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন।
সূত্রের খবর, সেখানে ঠিক হয়েছে ১০ জুলাইয়ের মধ্যে সব চটকল খোলা হবে। মালিকপক্ষ জানান, তাঁরা সাসপেনশন অফ ওয়ার্ক তুলে নেবেন। প্রথমে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে, সব কিছু ঠিক মত চললে আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে উৎপাদন শুরু হবে বলে সরকারের আশা। এর ফলে ২০ হাজারের বেশি চটকল শ্রমিক কাজে ফেরার আশা। সব চটকল ঠিক মত চালু হলে নতুন কাজের সুযোগও তৈরি হবে।
বৈঠকে মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজ্যের নতুন সরকার শিল্পায়নের পাশে বন্ধ কলকারখানাগুলি খোলারও প্রয়াস নিয়েছে। বিশেষত চটকলগুলি খোলার ওপর প্রথমেই বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Be the first to comment