রোজদিন ডেস্ক : ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুই পৃথক সংঘর্ষের ঘটনায় চোদ্দ জন মাওবাদী প্রাণ হারিয়েছেন। আজ কাকভোরের এই ঘটনা নতুন বছরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য বলে সরকারের দাবি। নিহতদের মধ্যে মাওবাদীদের এক কম্যান্ডার আছেন, তিনি গত বছর অতিরিক্ত এসপি আকাশ গিরপুঞ্জে হত্যায় জড়িত ছিলেন। দরভা ভ্যালি কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের অনেকেই আজ প্রাণ হারিয়েছেন বলে পুলিশের অনুমান।
মাওবাদী অধ্যুষিত দক্ষিণ বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুটি পৃথক সংঘর্ষ হয়। সুকমা ও বিজাপুর জেলার ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এই সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে প্রকাশ, সুকমার কিস্তারামে ১২ জন মাওবাদী প্রাণ হারান। বিজাপুরের বাসাগুদা অঞ্চলে প্রাণ হারান আরও ২ মাওবাদী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এ কে ৪৭, একটি ইন্সাস রাইফেল, প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছে৷ ঘন জঙ্গলে মাওবাদীদের খোঁজে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত আছে বলে জানা যায়।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চের মধ্যে দেশ মাওবাদী মুক্ত করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন। এই লক্ষ্যে মাওবাদী অধ্যুষিত এলাকায় গোয়েন্দারা তীক্ষ্ণ নজর রাখছেন। অত্যন্ত সঙ্গোপনে আচমকা মাওবাদীদের গোপন ডেরায় আঘাত হানছে নিরাপত্তা বাহিনী। বহু মাওবাদী সরকারের ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণও করেছেন।

Be the first to comment