রোজদিন ডেস্ক :
রাজ্যে আবাস যোজনার অযোগ্য, ভূয়ো প্রাপকদের টাকা ফেরত দিতে হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কড়া হুঁশিয়ারি দিয়েছেন। নবান্নে আজ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানের সূচনা করেন তিনি। জানান, সাত লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে আজ সরাসরি টাকা দেওয়া হবে। এর আগে দশ লক্ষ উপভোক্তা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন।
প্রাক্তন সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, আগের সরকার বলেছিল, সরকার বদলালে আর এই টাকা মিলবে না। তা যে মিথ্যা, তিনি তা প্রমাণ করলেন।
মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা জাতি,ধর্ম, বর্ণ, সম্প্রদায় দেখে টাকা দেন না। যাঁদের বাড়ির কাজ অর্ধেক হয়েছে, তাঁরা যাতে তা সম্পুর্ণ করতে পারেন, তাঁরা তাই চান।
প্রাক্তন সরকারকে তোপ দেগে মুখ্যমন্ত্রী আরও বলেন,ওরা পে কমিশন, মহার্ঘ ভাতা দেবে না ভেবেছিল, তাই বেশি ছুটি দিত।
আবাস যোজনায় ৫৭ হাজার ভূয়ো প্রাপক, তা প্রমাণিত হয়েছে। বারো হাজারের মধ্যে এক হাজার জন মাত্র টাকা ফেরত দিয়েছেন। ভূয়ো, অযোগ্য প্রাপকদের টাকা ফেরত দিতে হবে বলে কড়া হুঁশিয়ারি দেন তিনি। কারা ই বা এই ভূয়ো প্রাপকদের নাম সুপারিশ করেছিলেন, আধিকারিক পর্যায়ের কেউ তা করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে দেন।
প্রয়োজনে সিট গঠন করে সিআইডি কে দিয়ে তদন্ত করা হবে।
উপভোক্তারা যাতে কম দামে বালি কিনতে পারেন, জেলাশাসকদের তা দেখতে বলেন। জানান,এক হাজার টাকা হলে তো ভাল ই হোত,তবে তা বারোশো টাকার বেশি যেন কোনভাবেই না হয়।
মুখ্যমন্ত্রী বলেন,সতের লক্ষ কুড়ি হাজারের বেশি উপভোক্তা দুটি কিস্তির পুরো টাকাই পেয়ে গেছেন। তাঁদের প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে যুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী জেলা প্রশাসন কে বলেন। এতে ১০০, ২০০ ও ৩০০ ইউনিটে যথাক্রমে ৩০ হাজার, ৬০ হাজার ও ৭৮ হাজার টাকা ভর্তুকি পাবেন। তফসিলি উপজাতিরা অতিরিক্ত ১৫ হাজার টাকা পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান।

Be the first to comment