রোজদিন ডেস্ক : পড়শি রাজ্য ওড়িশাতে ফের নির্যাতনের শিকার এ রাজ্যের ১০ জন পরিযায়ী শ্রমিক। বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে ওড়িশা পুলিশ। তারপর না খাইয়ে তাঁদের থানায় আটকে রাখা হয়েছে বলেও অভিযোগ। বিপাকে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁরা সাহায্যের আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, কিছুদিন আগে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ১০ জন পরিযায়ী শ্রমিক রোজগারের টানে ওড়িশায় গিয়েছিলেন। অভিযোগ, সোমবার রাতে কাজ সেরে ভাড়াবাড়িতে ফিরে তারা খেতে বসেছিলেন। সেই সময় পুলিশ এসে বাংলাদেশি সন্দেহে তাঁদের আটক করে নথি দেখার নাম করে থানায় নিয়ে যায়। সেখানে দীর্ঘক্ষণ তাঁদের আটকে রাখা হয়। বিস্কুট ছাড়া কিছু খেতেও দেওয়া হয়নি। এক ভিডিয়ো বার্তায় তাঁদের মধ্যে একজন বলেন, আমাদের বাংলাদেশি সন্দেহ করে সোমবার রাতে পুলিশ নিয়ে আসে। ২ গাড়ি পুলিশ এসেছিল। আমরা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব, যাতে আমাদের এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাওয়া হয়। তাদের আরও অভিযোগ, নথিপত্র যাচাইয়ের নামে মানসিক ও শারীরিক ভাবেও অত্যাচার করা হয়েছে। তাঁরা বলছেন, আগে তথ্য যাচাইয়ের জন্য নথি দিয়েছিলেন তারা। কিন্তু তারপরও ফের তাঁদের তুলে আনা হল কেন? এর আগে সোমবার ওড়িশার জগৎসিংপুর জেলায় সন্দেহজনক বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার অভিযোগে একটি বাড়ি ভেঙে দেয় পুলিশ। তারপর অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ওড়িশা জুড়ে শুরু হয়েছে তল্লাশি।

Be the first to comment