রোজদিন ডেস্ক :
বাংলাদেশে দীর্ঘদিন কারান্তরালে থাকা সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে আচমকা ঢাকার সংশোধনাগারে পাঠানো হয়েছে। এই নিয়ে তাঁর অজস্র অনুগামীরা উদ্বিগ্ন, চিন্তিত। তাঁর আইনজীবীরাও এতে বিশেষ উদ্বিগ্ন। তাঁর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সংবাদ মাধ্যমকে জানান, চিন্ময়কৃষ্ণর নানা শারীরিক সমস্যা আছে, তাঁর সব অঙ্গ ঠিকভাবে কাজ করে না, তিনি সব খাবার খেতে পারেন না। ব্রহ্মচারী নিজের রান্না নিজেই করেন। চট্টগ্রামের সংশোধনাগারে এক বন্দি তাঁকে রান্নার কাজে সহায়তা করতেন। ঢাকার সংশোধনাগারে সেই সুবিধা না থাকায় তাঁকে কার্যত ফল খেয়ে থাকতে হচ্ছে।
উদ্বিগ্ন অপুর্ব বাবুর আশঙ্কা, এই রকম বেশিদিন চললে সন্ন্যাসী আরও অসুস্থ হয়ে পড়বেন। কেন ওঁকে চট্টগ্রাম থেকে ঢাকার সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়েছে, এই বিষয়ে সরকারি ভাবে তাঁকে কোন তথ্যও দেওয়া হয়নি। সব মিলিয়ে খুবই উদ্বিগ্ন তাঁরা।
উল্লেখ্য, হত্যা, দেশদ্রোহিতা ইত্যাদি নানা অভিযোগে ২০২৪ সালের নভেম্বর থেকে কারান্তরালে আছেন চিন্ময় কৃষ্ণ। তাঁর জামিন, মুক্তির দাবিতে বাংলাদেশ সহ এই রাজ্য, কলকাতায়ও মিছিল হয়। কিন্তু জামিন মেলা তো দূরস্থান, তাঁর বিরুদ্ধে একাধিক কঠিন মামলা করা হয়েছে। যা নিয়ে দুই বাংলায় তাঁর অনুরাগীরা চিন্তিত।

Be the first to comment