শুধু ব্যারিকেড আর লোহার ব্যারিয়ারই নয়, আকাশপথেও চলছে পর্যবেক্ষণ, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা

Spread the love

রোজদিন ডেস্ক : শুধু ব্যারিকেড আর লোহার ব্যারিয়ারই নয়, আকাশপথেও চলছে পর্যবেক্ষণ। আরজিকর কান্ডের বিচার চেয়ে আজকের নবান্ন  অভিযান ঘিরে কোর্টের নির্দেশ মানতে কার্যত দুর্গে পরিণত হয়েছে নবান্ন।

পুলিশ সূত্রে খবর, ভিড়ের গতিবিধি, সম্ভাব্য জমায়েতের সংখ্যা এবং যে কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি দ্রুত শনাক্ত করার জন্যই ড্রোন ব্যবহার করা হচ্ছে। নবান্ন ভবন, মুখ্যমন্ত্রীর দফতর এবং সংলগ্ন সেতু ও রাস্তার উপর বিশেষ নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি, রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর সংখ্যক র‌্যাফ, লাঠিধারী বাহিনী এবং ট্রাফিক পুলিশ।

পুলিশের তরফে ড্রোনের মাধ্যমে নবান্ন ও সংলগ্ন এলাকা, বিশেষ করে হাওড়া ময়দান, ফোরশোর রোড, সাতরাগাছি এবং চাঁদনীঘাটের দিকে নজর রাখা হচ্ছে। এমনকী এরপরই কোনওভাবে ব্যারিকেড টপকে আন্দোলনকারীরা এগিয়ে এলে, কীভাবে মোকাবিলা করতে হবে, চলছে তারও মকড্রিল। মজুত রাখা হয়েছে জলকামান, টিআর সেলও। সব মিলিযে নবান্ন ও সংলগ্ন এলাকায় রীতিমতো যুদ্ধ যুদ্ধ আবহ।

পুলিশ সূত্রের খবর, ব্যারিকেডগুলির কাঠামো এবার পুরোপুরি বদলে দেওয়া হয়েছে। রাস্তায় সিমেন্ট ঢেলে লোহার বিম গভীরভাবে পোঁতা হয়েছে, তার উপর বসানো হয়েছে মোটা লোহার রডের তৈরি খাঁচা-আকৃতির গঠন। এমন নিরাপত্তা বলয় অতীতে দেখা যায়নি। এই বিশেষ ব্যারিকেড ভাঙতে গেলে বিপুল জনবল, সরঞ্জাম এবং দীর্ঘ সময় লাগবে—যা কোনও তাৎক্ষণিক আন্দোলনের পক্ষে কার্যত অসম্ভব বলে নিরাপত্তা বাহিনীর দাবি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*