রোজদিন ডেস্ক, কলকাতা:- রথযাত্রা উপলক্ষে বুধবার বিকালে দিঘায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত নগরীতে প্রবেশের আগে রাস্তায় দাঁড়ানো কর্মী সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন মমতা। কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামেন মুখ্যমন্ত্রী। কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সামনে তৃণমূল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
দিঘাতে যাওয়ার পথে কাঁথিতে মানুষের ভিড় দেখে কনভয় থামিয়ে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। ছোটদের আদর করলেন। বয়স্ক মানুষদের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বললেন। সকলকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানালেন। এক ঝাঁক স্কুল ছাত্রীর মাঝে দাঁড়িয়ে তাদের সঙ্গে সেলফি তুললেন মুখ্যমন্ত্রী। দিঘার জগন্নাথ মন্দিরের রথের শুভ সূচনা করতে যাওয়ার পথে কাঁথিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সাধারণ মানুষের চরম উদ্দীপনা। এর বুধবার কাঁথিতে প্রমাণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা রয়েছে সেই শীর্ষে। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রথযাত্রার আগেই দিঘায় হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন। অমান্য করলে কঠোর শাস্তি। হবে ১ লক্ষ টাকা জরিমানা। আসন্ন রথযাত্রায় দিঘায় আগত পর্যটকদের সুষ্ঠু ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং হোটেল ভাড়ায় লাগাম টানতে কড়া প্রশাসন।
প্রথম বর্ষের রথযাত্রা উপলক্ষে দিঘায় লক্ষাধিক মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। এই জনসমাগমকে কেন্দ্র করে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। জেলাশাসক জানিয়েছেন, ভিড়ের সুযোগ নিয়ে হোটেলে পর্যটকদের থেকে অতিরিক্ত ঘরভাড়া নিলে দিতে হবে ১ লক্ষ টাকা জরিমানা। শুধু তাই নয়, অভিযোগ প্রমাণিত হলে হোটেলের অনুমোদন বাতিল থেকে শুরু করে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হবে।

Be the first to comment