দলবল নিয়ে মদ্যপ অবস্থায় তাণ্ডব, বাড়ির দরজায় লাথি ও মারধরের অভিযোগ! গ্রেপ্তার বিজেপি নেত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : 

নদীয়ার রানাঘাটে রাতের অন্ধকারে তোলাবাজি, হামলা ও হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার বিজেপির মণ্ডল জেলা সদস্য প্রিয়া বিশ্বাস। আদালতে পেশ ধৃত নেত্রী, পলাতক অভিযুক্তরা।
রাতের অন্ধকারে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালানো, বাড়ির দরজায় লাথি মারা, মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে এক বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। ধৃত নেত্রীর নাম প্রিয়া বিশ্বাস। তিনি কৃষ্ণগঞ্জ বিধানসভার মণ্ডলের জেলা সদস্য বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার তাঁকে রানাঘাট মহকুমা আদালতে পেশ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে নদিয়ার রানাঘাট থানার অন্তর্গত ইন্দিরা কলোনি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাত তখন আনুমানিক আড়াইটে। অভিযোগ, দুটি স্কুটিতে চেপে বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে ওই এলাকায় প্রবেশ করেন প্রিয়া বিশ্বাস। এরপর এলাকার বিভিন্ন বাড়ির সামনে গিয়ে দরজায় লাথি মারতে শুরু করেন তাঁরা। মদ্যপ অবস্থায় তাঁদের এই আচরণের প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দারা। আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিবাদ করতে গেলে স্থানীয়দের মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে ওই নেত্রী-সহ তাঁর সঙ্গীদের বিরুদ্ধে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাট থানার পুলিশ। সেখান থেকে প্রিয়া বিশ্বাসকে থানায় নিয়ে গিয়ে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রানাঘাট থানায় গিয়ে বিক্ষোভ দেখান।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিষয়ে প্রতিবাদী মুখ হিসেবে নিজেকে তুলে ধরতেন ওই বিজেপি নেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিজেপি নেত্রী পরিচয় সামনে রেখে নিয়মিত প্রচার চালাতেন তিনি। তবে সেই পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরেই বিভিন্ন বেআইনি কাজকর্ম চলছিল বলে অভিযোগ উঠেছে।
এদিকে, গ্রেপ্তারের পর থানায় সাংবাদিকদের উপস্থিতিতে ধৃত নেত্রীর আচরণ নিয়েও চর্চা শুরু হয়েছে। অভিযোগ, সাংবাদিকদের দিকে তাকিয়ে তিনি অশালীন অঙ্গভঙ্গি করেন। পুলিশ প্রিয়া বিশ্বাসকে গ্রেপ্তার করলেও তাঁর সঙ্গে থাকা বাকি অভিযুক্তদের এখনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে কি চলছিল বেআইনি কারবার? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? গোটা ঘটনার তদন্তে এখন রানাঘাট থানার পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*