প্রতিবেদন: ডাবল ইঞ্জিন সরকারের সুফল পাচ্ছে বাংলা। পশ্চিমবঙ্গে সড়ক পরিকাঠামো উন্নয়নে বড়সড় আর্থিক অনুমোদন দিল কেন্দ্র। ২০২৬-২৭ অর্থবর্ষে সেন্ট্রাল রোড অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা সিআরআইএফ প্রকল্পের অধীনে রাজ্যের ৬টি সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য ১,০৪২.৬২ কোটি টাকা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। মঙ্গলবার সেই সংক্রান্ত অনুমোদনপত্র রাজ্যের পূর্ত দপ্তরের কাছে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রকের চিঠি অনুযায়ী, রাজ্য পূর্ত দপ্তরের পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই এই অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উত্তর থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহলের বিভিন্ন জেলায় মোট প্রায় ১৯৪ কিমি সড়কের সম্প্রসারণ, ও পরিকাঠামো উন্নয়নের কাজ হবে। অধিকাংশ ক্ষেত্রেই রাস্তা চওড়া করার পাশাপাশি সেতু, কালভার্ট, নিকাশি ব্যবস্থা এবং সুরক্ষামূলক পরিকাঠামো নির্মাণের কাজও এর মধ্যে রয়েছে। অনুমোদন পাওয়া প্রকল্পগুলির মধ্যে রয়েছে কোচবিহার জেলার চ্যাংড়াবান্দা-জামালদহ হয়ে মাথাভাঙা পর্যন্ত কোচবিহার সড়ক, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর-দৈনহাট এবং বর্ধমান-কাটোয়া সড়ক, পুরুলিয়া জেলার রঘুনাথপুর-চাস রোড, হুগলি জেলার মগরা-সুলতানগাছা, খানপুর-দশঘড়া সড়ক এবং উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর-বেলিয়াঘাটা সড়ক। সব মিলিয়ে প্রকল্পগুলির সংশোধিত ব্যয় ধরা হয়েছে ১,০৪২.৬২ কোটি টাকা। কেন্দ্রের এই অনুমোদনকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী এবং সড়ক পরিবহণ মন্ত্রককে সমাজ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন। পূর্ত দপ্তর বলছে, প্রকল্পগুলি বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ সড়কপথে যাতায়াত আরও দ্রুত, মসৃণ ও নিরাপদ হবে। পাশাপাশি বাড়বে পণ্য পরিবহণের সুবিধাও।

Be the first to comment