এ বার যৌন নিগ্রহ নিয়ে সরব হল চণ্ডীগড়ের একটি স্কুল

Spread the love

মি টু নিয়ে সরব বলিউড। তার রেশ ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। দাবানলের মতো আন্দোলন মাথাচাড়া দিচ্ছে দেশের আনাচ কানাচে। এ বার যৌন নিগ্রহ নিয়ে সরব হল চণ্ডীগড়ের একটি স্কুল।

তাঁর ছিল ভয়ঙ্কর যৌন লালসা। একাধিক ছাত্রকে যৌন হেনস্থা করেছেন। খুদে পড়ুয়াদেরই ছিল তাঁর শিকার। চণ্ডীগড় ক্যাথোলিক স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ও ডিরেক্টরের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন ওই স্কুলেরই তিন প্রাক্তন ছাত্র।
১৯৮০ সালে স্কুল পাশ করেন মনরাজ সিংহ। তাঁর অভিযোগ সেই সময় স্কুলের প্রিন্সিপাল ছিলেন হ্যারল্ড কার্ভার। ছাত্রদের নিজের অফিস ঘরে ডেকে এনে হেনস্থা করতেন তিনি। অশ্লীল আলোচনা, এমনকি শারীরিক নির্যাতনও করতেন কার্ভার। মনরাজের কথায়, তিনি তখন সপ্তম শ্রেণির ছাত্র। একদিন নিজের ঘরে ডেকে এনে তাঁর সঙ্গে অশ্লীল আচরণ করেছিলেন প্রিন্সিপাল।

কার্ভারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন আরও এক প্রাক্তন ছাত্র সঞ্জয় আউস্তা। বছর বিয়াল্লিশের আউস্তা বর্তমানে দিল্লির এক সাংবাদিক। তিনি তাঁর ব্লগে লিখেছেন, ক্লাস নাইনে পড়ার সময় তিনি স্কুলেরই হোস্টেলে থাকতেন। নিজের চোখে দেখেছেন দিনের পর দিন হোস্টেলের ছাত্রদের যৌন নিগ্রহ করেছেন প্রিন্সিপাল। তিনিও তাঁর লালসার শিকার হন একসময়।

“হ্যারল্ড কার্ভার একজন যৌন শিকারি। কতজন যে তাঁর যৌন লালসার শিকার হয়েছে তার ইয়ত্তা নেই। শিশুদের উপর অত্যাচার করাটা ছিল তাঁর পছন্দের জায়গা,” সোশ্যাল মিডিয়ায় কার্ভারের বিরুদ্ধে এ ভাবেই নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন মনরাজ। তাঁকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন ক্যাথোলিক স্কুলের আরও এক প্রাক্তন ছাত্র নবীন ছেত্রী। কর্মসূত্রে বর্তমানে তিনি কলোরাডোর বাসিন্দা।
হেরল্ড কার্ভারের বিরুদ্ধে অভিযোগ অবশ্য নতুন নয়। ত্রিশ বছর আগেও তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিলেন একাধিক ছাত্র। এক মাসের জন্য জেলেও গিয়েছিলেন কার্ভার। মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত। তবে উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছিলেন তিনি।

প্রাক্তন প্রিন্সিপালের বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগই মানতে চাইছেন না স্কুল কর্তৃপক্ষ। তাঁদের কথায়, একজন ভাল মানুষের গায়ে অহেতুক কাদা ছেটানো হচ্ছে। নিজের উপর আসা সব অভিযোগ অস্বীকার করেছেন প্রিন্সিপাল নিজেও। তিনি বলেছেন, “আমার যথেষ্ট সুনাম রয়েছে স্কুলে। এমন কাণ্ড করার কথা ভাবতেও পারি না। স্কুলকে বদনাম করার জন্যই এমন অভিযোগ আনা হচ্ছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*