মঙ্গলে অর্থ দফতরে ‘সারপ্রাইজ ভিজিট’ মমতার, সচিবের ঘরে গিয়ে কথাও বললেন

Spread the love

রোজদিন ডেস্ক : অতীতে একাধিকবার মুখ্যমন্ত্রী নবান্নের কর্মীদের কর্মসংস্কৃতি নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। আগেও কয়েকবার আচমকাই কারওকে কিছু না-জানিয়ে বিভিন্ন দফতরের কাজ দেখতে পৌঁছে গিয়েছেন। মঙ্গলবারও একই ঘটনা ঘটল। এদিন দুপুর বারোটা নাগাদ নবান্নে আসার পরই আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন অর্থ দফতরে।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে এক প্রশাসনিক বৈঠকে অর্থসচিব প্রভাত মিশ্রকে অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, “দফতরের প্রধান সচিব প্রভাত মিশ্র একজন জেন্টালম্যান।” তার পরেই তিনি বলেন, “তোমার যে টিম বসে আছে, দু’-এক জন ছাড়া বেশিরভাগই বামপন্থী। ওটাকে আলিমুদ্দিন স্ট্রিট বানিয়ে দিয়েছে। দরকার হলে তুমি নতুন এফিশিয়েন্ট লোক নিয়ে এসো।” মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমি নিজে সারপ্রাইজ ভিজিট করে দেখেছি, ফাইলের পর ফাইল পড়ে থাকে, আর আলোচনা হয় মিটিং-মিছিল কীভাবে হবে।”
এরপরেই আজ অর্থাৎ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর আচমকা ১২ তলায় পৌঁছে যাওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন ১২ তলায় পৌঁছেই প্রথমে মুখ্যমন্ত্রী যান অর্থসচিবের ঘরে। তারপরে কিছুক্ষণ করিডোরে পর্যবেক্ষণ করার পর অর্থ দফতরের কর্মীদের সঙ্গে কথাও বলেন তিনি। পরে কর্মীদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে ছবিও তুলেছেন মুখ্যমন্ত্রী। এ দিন মুখ্যমন্ত্রী কর্মীদের সঙ্গে কথা বলে কেমন কাজকর্ম চলছে, কোথাও অসুবিধা হচ্ছে কি না জানতে চান। জানা গিয়েছে, এদিন মুখ্যমন্ত্রী ১২ তলায় প্রায় সাত মিনিট মতো ছিলেন। তারপর কর্মচারীদের সঙ্গে কথা বলে তিনি সরাসরি ১৪ তলায় নিজের ঘরে চলে যান।
অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট এবারই প্রথম নয়। এর আগেও আচমকাই এভাবে অর্থ দফতরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার এভাবে মুখ্যমন্ত্রীর অর্থ দফতরে পৌঁছে যাওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, প্রশাসনিক বৈঠকে দেওয়া ইঙ্গিত থেকে স্পষ্ট, অর্থ দফতরের কর্মসংস্কৃতি নিয়ে সেভাবে খুশি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কারণেই বারবার তাঁর অর্থ দফতরে পৌঁছে যাওয়া কি না, তা নিয়ে চর্চা চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*