নির্বাচনী আচরণ বিধি জারি থাকাকালীন জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল নিয়ে গুচ্ছ নির্দেশিকা কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে স্থানীয় জনপ্রতিনিধিদের এলাকা উন্নয়ন তহবিল ব্যবহারে কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাংসদ বা বিধায়কদের এলাকা উন্নয়ন তহবিলে নতুন করে কোনও অর্থ বরাদ্দ করা যাবে না। কমিশনের নির্দেশে বলা হয়েছে, এই নির্দেশিকা জারির আগে কোনও কাজের অর্ডার দেওয়া হলেও যদি সেই কাজ বাস্তবে এখনও শুরু না হয়ে থাকে, তবে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন সেই কাজ শুরু করা যাবে না। তবে যে সব কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেগুলি চালিয়ে নিয়ে যাওয়া যাবে। সম্পূর্ণ হয়ে যাওয়া প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের অনুমতি সাপেক্ষে অর্থ প্রদানেও কোনও বাধা নেই বলে জানিয়েছে কমিশন। আবার যে সব প্রকল্পে আগেই অনুমোদন ও তহবিল বরাদ্দ হয়ে গিয়েছে এবং নির্মাণ সামগ্রী কাজের জায়গায় পৌঁছে গিয়েছে, সেই কাজ শেষ করার অনুমতিও দেওয়া হয়েছে। প্রশাসনিক স্তরেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের বদলি করা যাবে না। যদি কোনও আধিকারিকের বদলির নির্দেশ নির্বাচন ঘোষণার আগে দেওয়া হয়ে থাকে কিন্তু তিনি এখনও নতুন পদে যোগ না দিয়ে থাকেন, তবে কমিশনের অনুমতি ছাড়া সেই নির্দেশ কার্যকর করা যাবে না। প্রশাসনিক প্রয়োজনে বদলি জরুরি হলে নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*