রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক :

নির্বাচন ঘোষণার ২০ ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে সরানোর পর এবার রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার এবং এডিজি আইনশৃঙ্খলা পদেও পরিবর্তনের নির্দেশ দিল কমিশন। সোমবার সকালে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের বর্তমান ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পান্ডেকে সরিয়ে নতুন ডিজি করা হয়েছে আইপিএস সিদ্ধিনাথ গুপ্তাকে। একই সঙ্গে কলকাতার পুলিশ কমিশনার পদ থেকেও সরানো হয়েছে সুপ্রতিম সরকারকে। তাঁর পরিবর্তে নতুন কমিশনার করা হয়েছে অজয় নন্দাকে।

এছাড়া এডিজি আইনশৃঙ্খলা পদে থাকা বিনীত গোয়েলকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে অজয় মুকুন্দ রানাডেকে। রাজ্যের সংশোধনাগার দফতরের ডিজি পদেও নতুন নিয়োগের কথা জানিয়েছে কমিশন। ওই পদে দায়িত্ব দেওয়া হয়েছে এন আর বাবুকে। কমিশন জানিয়েছে, এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করতে হবে। সোমবার বিকেল তিনটের মধ্যেই মুখ্য সচিবকে এই নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*