রোজদিন ডেস্ক :
মাত্র পাঁচ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওর সূত্র ধরে ভিকি সিং হত্যাকাণ্ডে আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুরজ প্রসাদ (২২)। দেশবন্ধু পার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ।
গত ৩০ অক্টোবর সালানপুরের হিন্দুস্তান কেবলসের ওল্ড কলোনিতে অশোক কুমার সিং ওরফে ভিকিকে মারধরের অভিযোগ ওঠে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। অভিযোগ, এক মহিলাকে কেন্দ্র করে মন্টু যাদবের সঙ্গে বিবাদের জেরে এই ঘটনা।
তদন্তে নেমে পুলিশ প্রথমে সুরেন্দ্র যাদব ও দীপক যাদবকে গ্রেফতার করে। সম্প্রতি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পাঁচ সেকেন্ডের ভিডিওতে মাটিতে পড়ে থাকা এক যুবককে বাঁশ দিয়ে মারধরের দৃশ্য সামনে আসে। সেই সূত্রেই গ্রেফতার সুরজ। মন্টু যাদবের স্ত্রীকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। হত্যাকাণ্ডে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Be the first to comment