LABOUR MINISTRY: নেতৃত্বে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক ও কর্মীদের জন্য জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড কেন্দ্রের

Spread the love

প্রতিবেদন: অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, গিগ কর্মী এবং অনলাইন প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ড গঠন করল কেন্দ্রীয় সরকার। সামাজিক সুরক্ষা বিধি, ২০২০-এর অধীনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের তরফে জারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী তিন বছরের জন্য এই বোর্ড কার্যকর থাকবে। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য গঠিত জাতীয় সামাজিক সুরক্ষা বোর্ডের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। সহ-সভাপতির দায়িত্বে থাকবেন মন্ত্রকের সচিব। বোর্ডে শ্রমিক সংগঠন, নিয়োগকারী সংস্থা, শিল্পমহল, সাংসদ, কেন্দ্রীয় বিভিন্ন মন্ত্রক এবং রাজ্য সরকারের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। বোর্ডে লোকসভার দুই সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি রাজ্যসভার একজন সদস্য পরে মনোনীত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া সমাজকল্যাণ, রেল, বাণিজ্য, আবাসন ও নগর বিষয়ক, সড়ক পরিবহণ, আর্থিক পরিষেবা, দক্ষতা উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের শীর্ষ আধিকারিকরাও সদস্য হিসেবে থাকবেন। রাজ্য সরকারের প্রতিনিধিদের মধ্যেও পাঁচটি রাজ্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাত, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশের শ্রম দফতরের প্রধান সচিব বোর্ডের সদস্য হবেন। পশ্চিমবঙ্গের শ্রম দফতরের প্রধান সচিবকে এই বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বোর্ডের মাধ্যমে অসংগঠিত শ্রমিক, গিগ কর্মী এবং প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষা, কল্যাণমূলক প্রকল্পের বাস্তবায়ন, পরামর্শ এবং সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*