রমিত সরকার, নদীয়া :
প্রাকৃতিক দুর্যোগের জেরে বদলে গেল কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর দীর্ঘদিনের নিরঞ্জন সূচি। ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা দু’দিনের ভারী বৃষ্টিতে থমকে গিয়েছিল প্রতিমা বিসর্জন। চন্দননগর থেকে কৃষ্ণনগর, সর্বত্রই একই ছবি। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী চাষাপাড়া বারোয়ারির বুড়িমার নিরঞ্জন। আড়াইশো বছরেরও বেশি প্রাচীন এই পুজোর ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন।
দশমীর দিন নিরঞ্জনের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হলেও প্রবল বৃষ্টির কারণে মন্দির থেকে প্রতিমা বের করাই সম্ভব হয়নি। ঐতিহ্যবাহী সাঙের ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্থগিত রাখতে হয় নিরঞ্জন। শুধু বুড়িমা নয়, কৃষ্ণনগরের একাধিক বারোয়ারি পুজোর প্রতিমা বিসর্জনও পিছিয়ে যায়।
প্রথমে রবিবার নিরঞ্জনের সম্ভাবনা তৈরি হলেও শনিবার পুজো কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, আগামী সোমবার, ২৩ নভেম্বর সন্ধ্যার পর বের হবে বুড়িমার নিরঞ্জন শোভাযাত্রা। পুজো কমিটি সূত্রে খবর, রাত ১১টা থেকে ১২টার মধ্যে নিরঞ্জনের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে।
বুড়িমার নিরঞ্জন ঘিরে ভক্তদের আবেগও চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নানা পোস্ট। ভক্তদের বিশ্বাস, মা নিজে ইচ্ছা না করলে তাঁকে এক পা-ও সরানো সম্ভব নয়। তাই প্রতিকূল আবহাওয়ার কারণে নিরঞ্জন পিছিয়ে যাওয়ার ঘটনাকেও অনেকেই মায়ের ইচ্ছা হিসেবেই দেখছেন।
পুজো কমিটির যুগ্ম সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানান, চিরাচরিত রীতি মেনেই প্রথমে বেহারাদের কাঁধে চেপে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন বুড়িমা। সেখানে প্রদক্ষিণ পর্ব সম্পন্ন হওয়ার পর প্রতিমাকে নিয়ে যাওয়া হবে জলঙ্গী নদীর ঘাটে। সেখানেই সমস্ত প্রথা ও নিয়ম মেনে সম্পন্ন হবে নিরঞ্জন।
অন্যদিকে, চিরাচরিত রীতি অনুযায়ী বুড়িমার আগে নিরঞ্জন হয় কাঁঠালপোতা বারোয়ারির ছোটমার। পুজো কমিটির সদস্য অরিন্দম হালদার জানিয়েছেন, সোমবার বুড়িমার যাত্রার আগেই বেহারাদের কাঁধে চেপে রাজপথ ধরে নিরঞ্জনের উদ্দেশ্যে রওনা দেবেন ছোটমা।
শনিবার বিকেলের পর বৃষ্টি কিছুটা কমায় স্বস্তি ফিরেছে শহরবাসীর মধ্যে। আবহাওয়ার উন্নতির পূর্বাভাসকে সামনে রেখেই সোমবারের নিরঞ্জনের প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন পুজো কমিটি। সব মিলিয়ে, প্রাকৃতিক দুর্যোগের বাধা কাটিয়ে সোমবার রাতে আবারও ঐতিহ্য, আবেগ ও শোভাযাত্রায় মুখরিত হতে চলেছে কৃষ্ণনগরের রাজপথ।

Be the first to comment