প্রতিবেদন: বাংলার মাটিতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়ে গেল ঘূর্ণিঝড় আকভানের দাপট। ভোর থেকেই শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি। বৃষ্টি আরও বাড়বে, মত আবহবিদদের। আজই পুরীর কাছে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় আকভানের। আপাতত পুরী থেকে প্রায় ৫০০ কিলোমিটারের বেশি দূরে রয়েছে ঘূর্ণিঝড় আকভান। অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪০০ কিলোমিটার দূরে। আজই দুপুরে এই দুই জায়গার মধ্যবর্ত্তী কোনও স্থানে আছড়ে পড়বে সেটি। আপাতত ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে আকভান। তার জেরে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হচ্ছে। আজ, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম থাকলেও, শুক্রবার কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার বাংলার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা ব্যাপক বৃষ্টি হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াও ভিজবে। পূর্ব-পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার কিংবা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Be the first to comment