রমিত সরকার, কৃষ্ণনগর:
সাতসকালে দীঘির জলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত রাজার দীঘি এলাকায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে দীঘির জলে একটি দেহ ভাসছে। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দীঘির কাছে যাওয়া কয়েকজন বাসিন্দা প্রথমে জলের মধ্যে দেহটি ভাসতে দেখতে পান। তাঁরা বিষয়টি দ্রুত অন্যদের জানান এবং খবর দেওয়া হয় কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীঘি থেকে মৃতদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

Be the first to comment