EASTERN RAILWAY: ট্রেনে ও প্ল্যাটফর্মে ফোনে জোরে কথা বলা ও জোরে রিল শোনা যাবে না! 

Spread the love

প্রতিবেদন: ট্রেনের কামরায় কিংবা রেলস্টেশন চত্বরে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বললে, স্পিকারে গান বা রিলস চালালে কিংবা জোরে রিংটোন বাজলেই এবার জেলে যেতে হতে পারে যাত্রীকে। রেলযাত্রাকে শান্তিপূর্ণ, স্বস্তিদায়ক ও যাত্রীবান্ধব করে তোলার জন্য মোবাইল ফোন ব্যবহারে এমনই কড়া নির্দেশিকা জারি করল পূর্ব রেল। রেলের তরফে যাত্রীদের জানানো হয়েছে, মোবাইলে গান বা ভিডিও দেখার সময় স্পিকার ব্যবহার না করে ইয়ারফোন ব্যবহার করতে হবে। পাশাপাশি ট্রেন বা স্টেশন চত্বরে উচ্চস্বরে কিংবা দীর্ঘক্ষণ ফোনে কথা বলা এবং মোবাইলের রিংটোন অতিরিক্ত জোরে রাখা থেকেও বিরত থাকতে বলা হয়েছে। এই বিষয়ে যাত্রীদের সচেতন করতে স্টেশনগুলিতে নিয়মিত ঘোষণা করা হবে। বিভিন্ন স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় এবং ট্রেনের কামরায়, বিশেষত এসি কোচে এই বিষয়ে সচেতনতামূলক পোস্টার ও স্টিকার লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ইয়ারফোন ব্যবহার, ফোন মিউট বা ভাইব্রেশন মোডে রাখার জন্য আবেদন জানানো হবে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ধরনের আচরণ বিরক্তি বা বিশৃঙ্খলার পর্যায়ে পৌঁছলে রেলওয়ে আইন, ১৯৮৯-এর ১৪৫ ধারা অনুযায়ী সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওই ধারায় সর্বোচ্চ ১০০০ টাকা জরিমানা অথবা ৬ মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এই নির্দেশ কার্যকর করতে পূর্ব রেলের সমস্ত ডিভিশনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*