সাসপেন্ড হওয়া ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ কমিশনের

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় অবৈধভাবে ভুয়ো বা অস্তিত্বহীন ভোটারের নাম তোলার অভিযোগে সাসপেন্ড হওয়া ৫ আধিকারিকের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সরাসরি ফৌজদারি মামলা দায়ের করতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার দেবত্তম দত্ত চৌধুরী এবং অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার তথাগত মণ্ডল, ময়না বিধানসভা কেন্দ্রের ইআরও বিপ্লব সরকার, এআরও সুদীপ্ত দাস এবং ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে এসআইআর-এর এনুমারেশন পর্বে ভোটার তালিকায় ভুয়ো নাম তোলার অভিযোগ প্রমাণিত হওয়ায় আগেই তাঁদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই সঙ্গে রাজ্যের মুখ্যসচিবকে এফআইআর করার নির্দেশও দেওয়া হয়। তবে সাসপেনশন কার্যকর হলেও রাজ্য সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের না হওয়ায় কমিশন এবার স্বতঃপ্রণোদিতভাবে জেলাশাসকদের এই পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিল। কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী ভোটার তালিকায় ভুয়া বা অস্তিত্বহীন নাম অন্তর্ভুক্ত করা ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে। কমিশনের পর্যবেক্ষণে বলা হয়েছে, এই ধরনের কাজ শুধুমাত্র প্রশাসনিক নিয়ম লঙ্ঘন নয়, বরং দেশের সাংবিধানিক ব্যবস্থার ওপর আঘাত। সরকারি পদে থেকে কেউ যদি এই ধরনের অনৈতিক কাজে যুক্ত থাকে তাঁর বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে উঠে এসেছে, ময়না ও বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় একাধিক ভুয়ো নাম সিস্টেমে ঢোকানো হয়েছিল। অভিযোগ, বিএলওদের না জানিয়েই এই তথ্য সরাসরি সার্ভারে আপলোড করা হয়। সংশ্লিষ্ট বিএলওরা জানিয়েছেন, ওইসব ভোটারদের সম্পর্কে তাঁদের কাছে কোনও তথ্য ছিল না। কমিশনের পর্যবেক্ষণে এই বিষয়টি উঠে আসার পরই দুই জেলা নির্বাচনী আধিকারিকের রিপোর্ট দিল্লিতে পাঠানো হয়। সেই রিপোর্ট খতিয়ে দেখেই সাসপেনশন ও এফআইআর করার নির্দেশ দেয় কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*