দিল্লি বিস্ফোরণের জেরে ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের নিরাপত্তা আরও বাড়ল

Spread the love

রোজদিন ডেস্ক : দিল্লি লালকেল্লা চতৃবরে বিস্ফোরণের জেরে ইডেন গার্ডেন্সে আসন্ন ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের নিরাপত্তা আরও বাড়াল কলকাতা পুলিশ। মঙ্গলবার বিকেলে কলকাতার নগরপাল মনোজ ভার্মার নেতৃত্বে উচ্চপদস্থ পুলিশকর্তারা টেস্ট ম্যাচের জন্য ইডেন পরিদর্শনে যান। পরিদর্শনের পর সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেন সিপি। সেখানেই সিএবি কর্তা বাড়তি নিরাপত্তার আবেদন জানান। তাঁদের আবেদন মেনে দু’দলের ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ইডেনকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলার কথা জানিয়েছেন নগরপাল মনোজ ভার্মা। চলতি সপ্তাহের শুক্রবার থেকে শুরু ইডেন টেস্ট। এবার থ্রি টিয়ার নিরাপত্তা ব্যবস্থা রাখছে পুলিশ। স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের টিম বাসে ওঠার জন্য কিছুটা ফাঁকা জায়গা দেওয়া হয়। কিন্তু এবার কোনও ঝুঁকি নেওয়া হচ্ছে না। সেখানেও এবার নিরাপত্তা বলয় থাকছে ক্রিকেটারদের জন্য। মঙ্গলবারই কড়া প্রহরায় টিম বাসে উঠতে ও নামতে দেখা গিয়েছে গিল ও বাভুমাদের। একইভাবে ক্রিকেটারদের হোটেলও থাকছে বিশেষ নিরাপত্তা। অনুশীলন দেখতে আসা দর্শকদের ব্যাগও পরীক্ষা করা হচ্ছে। ক্রিকেটাররা কেউ কোথাও যেতে চাইলে অন্তত দু’ঘণ্টা আগে পুলিশকে তা জানানোর অনুরোধ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*