রোজদিন ডেস্ক : রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রের ERO নিয়োগ নিয়ে কড়া অবস্থান নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি দিয়ে কমিশন জানিয়ে দিয়েছে, শুধুমাত্র সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অথবা সাব-ডিভিশনাল অফিসার বা রাজস্ব বিভাগের রেভিনিউ ডিভিশনাল অফিসার পদমর্যাদার আধিকারিকদেরই ইআরও হিসাবে নিয়োগ করতে হবে। নির্দিষ্ট পদমর্যাদার বাইরে অন্য কোনও আধিকারিককে ইআরও করা যাবে না।কমিশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, ইতিমধ্যে ৬৮টি বিধানসভা কেন্দ্রে এসডিএম বা এসডিও-দের ইআরও হিসাবে নিয়োগ করা হয়েছে। তবে ৭৮টি বিধানসভা কেন্দ্রে এই নিয়ম মানা হয়নি। সেখানে অন্য পদমর্যাদার আধিকারিকদের নিয়োগ করা হয়েছে, যা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। সেই কারণেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকেও চিঠি পাঠিয়ে এই ৭৮টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে সংশোধন করে কেবল এসডিএম বা এসডিওদের ইআরও পদে নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। আরও বলা হয়েছে, ১৫২টি বিধানসভা কেন্দ্রে এসডিএম/এসডিও র্যাঙ্কের নিচে থাকা আধিকারিকদের ইআরও করা হয়েছে, যা কমিশনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। জাতীয় নির্বাচন কমিশন রাজ্যকে কমিশনের নিয়ম মেনে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবারই এই অভিযোগ তুলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর এবং জাতীয় নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিলেন। তাঁর অভিযোগের পরই কমিশনের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Be the first to comment