রোজদিন ডেস্ক, কলকাতা:- একেটেই অফিস টাইম তার মধ্যে যাত্রীতে ঠাসা বাস। দ্রুত গতিতে এগোচ্ছিল জলপাইগুড়ি থেকে মালবাজারগামী সরকারি বাস। হঠাৎই বাসের সামনের দিকে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। চালক বাস থামিয়ে দেন। প্রথমে কেউ কিছু বুঝতে পারেননি। তবে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে-চলন্ত বাসের সামনের অংশ দাউ দাউ করে জ্বলছে!
যাত্রীবোঝাই বাসে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ির সুভাষনগর এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সোমবার দুপুরে ময়নাগুড়ির সুভাষনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আচমকাই বাসের সামনের অংশ থেকে আগুনের ফুলকি দেখা যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। বাসের কনডাক্টর যাত্রীদের তড়িঘড়ি বাস থেকে নামতে বলেন। এই সময় চরম হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
বাসের চালক এবং কনডাক্টরের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে বাস থেকে দ্রুত নামতে গিয়ে আহত হয়েছেন চালক-সহ চারজন যাত্রী। আতঙ্কে কয়েকজন যাত্রী জানালা দিয়ে লাফ দেওয়ার চেষ্টা করেন, যার ফলে চোট পান কয়েকজন।
পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনার পর সরকারি বাসগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও যাত্রী নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখার দাবি উঠেছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment