রোজদিন ডেস্ক :
আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন লেগে বহু মানুষ ঝলসে যান। প্রাথমিকভাবে জানা যায় বাজ পড়ে সংস্থার একটি ন্যাপথা পাইপলাইন ফেটে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়লে অন্তত ৩৫ জন আহত হন। তাঁদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। দমকল বাহিনী ঘটনা স্থলে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে। এলাকায় ব্যাপক চাঞ্চল্য, উত্তেজনা দেখা দিয়েছে।
সূত্রের খবর, আজ ভোরে হলদিয়ায় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। সঙ্গে বাজ পড়ে। ওই সময় ন্যাপথার পাইপ লাইন ফেটে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। বিধ্বংসী আগুনে আশেপাশের বেশ কিছু বাড়ি ও পুড়ে যায়। এই ভয়ঙ্কর ঘটনার পর যাঁরা বাইরে বেরোন, তাঁদের অনেকে ভয়াবহ আগুনের তাপে ঝলসে যান। পুলিশ, প্রশাসন, দমকল বাহিনী ঘটনাস্থলে দ্রুত আগুন নেভানোর কাজ করছেন।
হলদিয়ার বিধায়ক ঘটনাস্থলে গেছেন। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আগুনের ভয়াবহতায় হলদিয়া থেকে ট্রেন চলাচলও স্থগিত রাখা হয়েছে বলে জানা যায়। লেলিহান আগুনের শিখায় চারপাশে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় দের অভিযোগ, কাল রাতেই ন্যাপথা পাইপ লিক হওয়া টের পাওয়া যায়। এইচ পি এল কর্তৃপক্ষ সময় মত ব্যবস্থা নিলে এত বড় ঘটনা এড়ানো যেত বলে তাঁরা মনে করেন। ভোর থেকে প্রচন্ড বৃষ্টি, বাজ পড়ে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। কি করে এই ঘটনা হোল তা তদন্ত হচ্ছে।
এখন কর্মী, প্রকল্পের সুরক্ষা কর্তৃপক্ষের প্রধান অগ্রাধিকার। যুদ্ধকালীন জরুরি ভিত্তিতে ওখানে কাজ চলছে বলে জানা যায়।

Be the first to comment