রোজদিন ডেস্ক :
তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের রেশ না মিলতেই কেরালামের ত্রিশূরে একইভাবে প্রাণ হারালেন ১৩ জন। সঙ্কটজনক পাঁচ জন। আজ থিরুভমবাদি মন্দিরের সঙ্গে যুক্ত এক বাজি কারখানায় এই ভয়াবহ বিস্ফোরণ হয়। কারখানায় প্রায় ৭০ জন শ্রমিক কাজ করেন। সূত্রের খবর, বাজি কারখানার বিস্ফোরণের তীব্রতা এতই ভয়ঙ্কর ছিল, স্থানীয় মানুষ প্রথমে ভূমিকম্প ভেবেছিলেন।
এলাকা ভারী ধোঁয়ায় ঢেকে গেছিল। ওই কারখানায় প্রায় দুহাজার কিলো বিস্ফোরক মজুত ছিল। নিহতদের মধ্যে কোট্টাপুরমের তিনজন কোঅরডিনেটর আছেন। কিভাবে এত বড় বিস্ফোরণ হল তা ভেবে থিরুভমবাদি মন্দিরের প্রতিনিধিরা স্তম্ভিত।
এই ঘটনায় জেলা শাসক বিশদ তদন্তের নির্দেশ দিয়েছেন।
এই ঘটনায় মন্দির শহর ত্রিশূরে গভীর শোকের ছায়া নেমেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে নিহতদের পরিবার পিছু ২ লক্ষ টাকার অনুদান ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা দেওয়া হবে।
বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা নিয়ে তিনি মুখ্য সচিবের সঙ্গে আলোচনা করেন। পরিস্থিতি তদারকি ও উদ্ধার কাজের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।

Be the first to comment