ভুয়ো তদন্ত সংস্থা খুলে প্রতারণা, গ্রেফতার বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

Spread the love

রোজদিন ডেস্ক : আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার নাম করে ভুয়ো ‘থানা’খুলে প্রতারণা চালানোর অভিযোগে গৌতমবুদ্ধ নগর পুলিশের হাতে দিল্লি থেকে গ্রেফতার হলেন নিয়োগ কেলেঙ্কারিতে নাম জড়ানো বীরভূমের প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী।

সূত্রের খবর, নয়ডার সেক্টর ৭০-এ ‘ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’র নামে চলছিল ভুয়ো অফিস। সরকারি আধিকারিক বলে পরিচয় ভাঁড়িয়ে, জাল কাগজপত্র, ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও টাকা হাতানোর অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।

এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিভাস অধিকারীর নাম উঠে এসেছিল। নলহাটি-২ ব্লকের শীতলপুর গ্রামপঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে তাঁর বাড়ি। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে তাঁর নাম উঠে আসে, এমনকী তাঁদের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এই ঘটনায় বিভাস ছাড়াও, অর্ঘ্য অধিকারী, বাবুল চন্দ্র মণ্ডল, পিন্টু পাল (২৭), সম্পদ মাল (২৯) ও আশিস কুমারের (৫৭) নাম রয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।

একসময় বীরভূমে তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন বিভাস। নলহাটিতে তাঁর মালিকানাধীন একটি বিএড কলেজ রয়েছে, যার পাশে স্টাফদের থাকার জন্য কোয়ার্টারও আছে। নিয়োগ মামলায় তাঁকে একাধিকবার ইডি ও সিবিআই জিজ্ঞাসাবাদ করে এবং তাঁর বাড়ি ও অফিসে তল্লাশি চালায়। তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারের পর, ইডি কলকাতার কার্তিক বোস স্ট্রিটে বিভাসের ফ্ল্যাটে তল্লাশি চালায়, যেখানে ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর অফিস ছিল। বিভাস ওই সংস্থার সভাপতি ছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*