রোজদিন ডেস্ক :
অকালপ্রয়াত জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ অসুস্থ। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই খবরে প্রয়াত গায়কের অনুরাগীরা উদবিগ্ন।
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গর্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ধন্ধ এখনও কাটেনি। তাঁর স্ত্রী সহ গোটা পরিবারই শোকার্ত। সূত্রের খবর, আকস্মিক এই শোকের আঘাতে গরিমা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত, বিধ্বস্ত। দিনের পর দিন কোন বিশ্রাম নেননি তিনি। রাতের পর রাত ঘুমোতে পারেননি। এর ফলে তাঁর শরীর খারাপ হয়ে পড়েছে বলে চিকিৎসকরা মনে করেন।কয়েকদিন আগে রাতে বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। শরীর দুর্বল। ঠিক মত খাওয়া, বিশ্রাম, ঘুমের অভাবে শরীরে জলের পরিমাণ কমেছে। হাসপাতালে তাঁকে আরও কয়েকদিন থাকতে হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর জুবিন গর্গ অভিনীত , “রই রই বিনালে “, মুক্তি পেয়েছে। এই ছবির জন্যও নিজেকে উজাড় করে দিয়েছেন গরিমা।
পরিবার, অনুরাগীরাও তাঁকে নিয়ে খুবই চিন্তিত। এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Be the first to comment