আবারও উন্মত্ত হনুমানের আঘাতে আহত ৫, চাঞ্চল্য ছড়ালো সিউড়িতে

Spread the love
বাঘের আতঙ্কের পর এবার হনুমানের তাণ্ডব ৷ উন্মত্ত হনুমানের আঘাতে আহত ৫ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সিউড়ি থানার গাংটে গ্রামে।
জানা গিয়েছে, কয়েকদিন আগে গাংটে গ্রামে একদল হনুমান আসে। ওই দলের মধ্যে একটি হনুমান হঠাৎই উন্মত্ত হয়ে যায় বলে দাবি গ্রামবাসীদের।সেই হনুমানটি গ্রামের ৫ জনকে কামড়ে দেয়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। খবর দেওয়া হয় বন দফতরকে।
গত কয়েকদিন আগে সিউড়ি থানার হাটজন বাজার এলাকা সংলগ্ন গুরুদুয়ারা গ্রামে বাঘের আতঙ্ক ছড়ায়। যদিও বনদফতরের দাবি ছিল ওই এলাকায় বাঘ আসার কোনও সম্ভাবনা নেই ৷ কিন্তু মানুষকে আশ্বস্ত করার জন্য ওই গ্রামেও বাঘকে ধরার জন্য ফাঁদ পাতা হয় ৷ যদিও বাঘের হদিশ এখনও মেলেনি। সেই রেশ কাটতে না কাটতে উন্মত্ত হনুমানের তান্ডবে নাজেহাল গ্রামবাসী।
উন্মত্ত হনুমান কাউকে দোকান যাওয়ার সময় কামড়েছে ৷ কাউকে আবার বাড়ি ফেরার পথে।মোটের উপর হনুমানের তাণ্ডবে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন গাংটে গ্রামের বাসিন্দারা।এ বিষয়ে হনুমানের কামড়ে আক্রান্ত গোপাল বাগদী বলেন, ” আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম এমন সময় ওই উন্মত্ত বানরটি আমাকে কামড়ে দেয়। কয়েকজন এসে আমাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করে। আমার মত আরও চারজনকে কামড়েছে উন্মত্ত হনুমানটি। যত তাড়াতাড়ি সম্ভব ওই বানরটিকে ধরার ব্যবস্থা করা হোক।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*