রোজদিন ডেস্ক, কলকাতা:- হরিয়ানায় গুরুগ্রামে ‘বাংলাদেশী’ সন্দেহে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হয়েছিল অন্তত ৩০ জন পরিযায়ী শ্রমিককে। চাওয়া হয়েছিল নাগরিকত্বের নথিপত্র। বিষয়টি সামনে আসতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন “বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার বরদাস্ত করব না।”মুখ্যমন্ত্রীর জোরাল প্রতিবাদ, সোশাল মিডিয়ায় একের পর এক পোস্ট এবং প্রশাসনিক চাপের পর অবশেষে ‘পিছু হটতে’ বাধ্য হল হরিয়ানা সরকার। ডিটেনশন ক্যাম্পে আটক থাকা শ্রমিকদের একে একে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫ জন শ্রমিক ফিরে এসেছেন মালদহের চাঁচল ও হরিশ্চন্দ্রপুরে। বাকি ১৫ জনকেও শিগগিরি মুক্তি দিয়ে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সম্প্রতি বাঙালিদের উপর ‘ভাষাভিত্তিক বৈষম্য’ এবং নিগ্রহের অভিযোগ উঠেছে একাধিকবার। হরিয়ানাও তার সাম্প্রতিক নজির।
মমতার তোপের জবাবে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি পালটা সুরে বলেন, “দেশে অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। যা কিছু হয়েছে, দেশের নিরাপত্তার স্বার্থে।” তবে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি পেলেও মানসিকভাবে বিপর্যস্ত ওই শ্রমিকেরা।

Be the first to comment