রোজদিন ডেস্ক :
রাজ্য সরকার কলকাতার নামী ইন্সটিটিউট অফ সাইকিয়াট্রির এসিস্টেন্ট প্রফেসর পদ থেকে রিয়াল দাস-কে সরিয়ে দিলো। প্রাক্তন সরকারের আমলে অনৈতিকভাবে তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।
বুধবার স্বাস্থ্য দফতর তাঁকে সাধারণ মেডিকেল অফিসার পদে নিয়োগের নির্দেশিকা জারি করে৷ যে পদে তিনি ছিলেন, সেখানে তিনি যে বেতন বাবদ অতিরিক্ত অর্থ পেয়েছেন, তাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
উল্লেখ্য সারা দেশে আলোড়ন তোলা অভয়া কান্ডে বারবার যে উত্তরবঙ্গ লবির কথা সামনে এসেছে, সেই লবির অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসক এস পি দাসের কন্যা রিয়াল দাস। তাঁর যোগ্যতা না থাকা সত্বে ও কলকাতার এই প্রখ্যাত চিকিৎসা প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট প্রফেসর হন তিনি। যা নিয়ে তখনই চিকিৎসক মহলে ক্ষোভের ঝড় ওঠে।
বিহারের এক বেসরকারি মেডিকেল কলেজের স্নাতক রিয়াল দাস প্রথমে মেডিকেল অফিসার হন। পরে প্রভাব খাটিয়ে তাঁকে দেশের অন্যতম এই সেরা প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট প্রফেসর তথা বিভাগীয় প্রধান করা হয় বলে অভিযোগ ওঠে৷ এমনকি জাতীয় স্তরের মেডিকেল রীতি ও মানা হয়নি বলে অভিযোগ।
নতুন সরকার আসার পর তাঁকে এই পদ থেকে সরিয়ে মেডিকেল অফিসার করা হোল, ও আগের পদাধিকার বলে তিনি যে অতিরিক্ত অর্থ পেয়েছেন, তা ও ফেরত দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গেছে।

Be the first to comment