প্রতিবেদন: চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলার দ্রুত শুনানির আর্জি সোমবার খারিজ হয়ে গেল হাইকোর্টে। ফলে বড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত জানিয়ে দিয়েছে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আর্জির শুনানি হবে তালিকা মেনেই। এর আগে গত মঙ্গলবারও এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী। দ্রুত শুনানির আর্জি জানান তিনি। সেদিনও সেই আর্জি খারিজ হয়ে যায়। আদালত জানায়, এখনই ওই মামলার শুনানি সম্ভব নয়। মামলার তালিকায় অনুযায়ী তা করা হবে। এ বারেও সেই একই কথা জানিয়ে দিল আদালত। সোমবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দ্বারস্থ হন অভিষেক। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দেন, তালিকা অনুযায়ীই শুনানি হবে। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে চোখে গুরুতর চোট পান তিনি। এর জন্য একাধিকবার বিদেশে গিয়ে চিকিৎসা করান তিনি। সেই চিকিৎসার জন্যই ফের সাতদিনের বিদেশ সফরের অনুমতি চেয়ে আর্জি।জানান তিনি।

Be the first to comment