রোজদিন ডেস্ক : অনুমোদনই ছিল না। অভিযোগ উঠতেই উত্তর ২৪ পরগনার রাজারহাটের কোটি কোটি টাকা দামের এক বিলাসবহুল আবাসন ভাঙার নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত এক মামলায় ‘অ্যাকোয়া গলফ ভিলা’ নামের ওই আবাসন প্রকল্পকে সম্পূর্ণ বেআইনি ও অনুমোদিত নয় বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে ৪ সপ্তাহের মধ্যে গোটা আবাসন ভেঙে ফেলার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। অবসরপ্রাপ্ত এক জাহাজের ক্যাপ্টেন অ্যাশলে ব্রায়ান হায়ামসের দায়ের করা মামলায় এই নির্দেশ দিল আদালত। অভিযোগ, ২০১৪ সালে এমএস গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেডের নির্মীয়মান ‘অ্যাকোয়া গলফ ভিলা’ প্রকল্পের এজিভি-১৯ নং ভিলাটি ১.৫ কোটি টাকায় বুক করেন তিনি। এর মধ্যে ডেভলপারকে ৭৮ লক্ষ টাকার বেশি দিয়েও ফেলেছেন তিনি। ২০১৬-র নভেম্বরের মধ্যে ভিলা হস্তান্তরের কথা থাকলেও তা দেওয়া হয়নি। এই অবস্থায় আরটিআই করে তিনি জানতে পারেন, ওই প্রকল্প যেখানে সেই চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, রাজারহাট পঞ্চায়েত সমিতি বা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, কারও থেকেই প্রকল্পের প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। প্রকল্পটি ওয়েস্ট বেঙ্গল রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটিতেও নথিভুক্ত ছিল না। রাজারহাটের বিডিওর নেতৃত্বে গঠিত তদন্তকারী দলের রিপোর্টেও একই তথ্য উঠে আসে। এদিন সমস্ত নথি খতিয়ে দেখে আদালত জানায়, গোটা প্রকল্পটিই বেআইনি। এরপরই উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে ৪ সপ্তাহের মধ্যে নির্মীয়মান ‘অ্যাকোয়া গলফ ভিলা’ প্রকল্পটি ভেঙে ফেলার নির্দেশ জারি করল হাইকোর্ট।

Be the first to comment