রোজদিন ডেস্ক : কলকাতায় জমা জলে বিদ্যুৎ ছোবলে একের এক মর্মান্তিক প্রাণহানি নিয়ে রিপোর্ট চাইলো উচ্চ আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অপুর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চ আজ স্বতঃপ্রণোদিত মামলায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে রিপোর্ট দিতে বলেছেন। নিকাশি ব্যবস্থা নিয়ে কলকাতা পুরসভাকে রিপোর্ট দিতে হবে। এই ছাড়া মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে রাজ্য সরকারের অবস্থানও জানতে চেয়েছেন তাঁরা। শারদোৎসব এর পর আগামী ৭ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে কলকাতায় রেকর্ড বৃষ্টির জেরে জলমগ্ন হয় শহর। কলকাতা ও শহরতলিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান দশ জন। বেসরকারি ভাবে মৃতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে।
এই ভয়াবহ জলবন্দি পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রকে দায়ী করেন। বিদ্যুতের গাফিলতির জন্য তোপ দাগেন বেসরকারি বিদ্যুৎ সংস্থা সিইএসসি কে। তাঁরা অবশ্য নিজেদের গাফিলতির কথা মানেননি।
পুজোর আগে এমন আকস্মিক মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উচ্চ আদালতও ব্যথিত, উদ্বিগ্ন। আজ দুই বিচারপতির স্বতঃপ্রণোদিত মামলা ও সংশ্লিষ্ট সব পক্ষের কাছে রিপোর্ট তলবে তা স্পষ্ট।

Be the first to comment