হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে ফের ‘বাংলা ভাষা’ নিয়ে বিতর্ক, ‘আপনি কি তাহলে বাংলাদেশী?’- তীব্র কটাক্ষ তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক  কলকাতা:- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য ঘিরে ফের বাংলা বিদ্বেষের সংকেত, এমনটা অভিযোগ তুলে নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস।অসমের মুখ্যমন্ত্রী এবিষয়ে বলেছেন, ‘কেউ যদি বাংলাকে নিজের মাতৃভাষা হিসেবে উল্লেখ করেন, তবে তিনি ‘বাংলাদেশি’ হয়ে যান।’ এই মন্তব্য ঘিরেই কার্যত প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল।

সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তৃণমূলের তরফে লেখা হয়েছে, “অসমের মুখ্যমন্ত্রী একটি অতি জঘন্য এবং অত্যন্ত নিন্দনীয় দাবি করেছেন। তিনি বলছেন, যারা আদমশুমারি নথিতে নিজেদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করেন, তারা নাকি “বাংলাদেশি”!

তাঁকে একটু মনে করিয়ে দিই, আমাদের জাতীয় স্ত্রোত বাংলা – ‘জনগণমন’। আমাদের জাতীয় গানও বাংলা – ‘বন্দেমাতরম্‌’।

তাহলে যখন হিমন্ত বিশ্ব শর্মা ‘জনগণমন’ কিংবা ‘বন্দেমাতরম্‌’ গান, তখন কি উনিও তাঁর যুক্তিতে “অবৈধ বাংলাদেশি” হয়ে যান?
নিজের বিকৃত যুক্তি অনুযায়ী, এবার কি তাঁর নাগরিকত্বই প্রশ্নের মুখে পড়বে?”

তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য এই প্রসঙ্গে হিমন্ত বিশ্ব শর্মাকে তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘হিমন্ত বিশ্বশর্মা কি ভুলে গিয়েছেন বাংলা ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম ভাষা! হিমন্ত বিশ্বশর্মা কি ভুলে গিয়েছেন তিনি যে রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে বাংলা ভাষায় কথা বলা মানুষের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠতার নিরিখে দ্বিতীয়। হিমন্ত বিশ্ব শর্মা কি ভুলে গিয়েছেন এই বাংলাভাষী মানুষ দেশে স্বাধীনতা রক্ষায় সবথেকে বেশি রক্ত ঝরিয়েছে। আজকে সেই মাতৃভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা শুনতে হবে। বাংলা ভাষায় কথা বলা মানুষরা কি ভারতীয় নয়?”

তৃণমূল কংগ্রেস এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে হিমন্তের ক্ষমাপ্রার্থনার দাবি জানিয়েছে। তবে অসম সরকার বা বিজেপির তরফ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*