রোজদিন ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদারকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে নিয়ে আসা হচ্ছে কলকাতায়।
সূত্রের খবর, দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। আপাতত হিন্দোল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে বি-টেক করেছিলেন হিন্দোল। বর্তমানে তিনি স্পেনে গবেষণারত। স্পেন থেকেই বুধবার দেশে ফিরেছিলেন।
দিল্লি বিমানবন্দরে আটক করা হয় হিন্দোলকে। তার বিরুদ্ধে লুকআউট নোটিস জারি ছিল। সেই কারণে অভিবাসন বিভাগ তাঁকে আটকায়। পরে তাঁকে হেফাজতে নেয় দিল্লি পুলিশ। তার পর কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয়। যাদবপুর থানার তদন্তকারী আধিকারিকের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি দল ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছে। তারা গ্রেফতারির প্রক্রিয়া সম্পূর্ণ করছে। হিন্দোলকে বৃহস্পতিবার ট্রানজিট রিমান্ডের জন্য আদালতে হাজির করানো হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে যে হামলার ঘটনা ঘটেছিল, তার মূলচক্রী ছিলেন হিন্দোল। লুকআউট নোটিসের ভিত্তিতে তাঁকে বুধবার সকালে দিল্লিতে আটক করা হয়।

Be the first to comment