রোজদিন ডেস্ক, কলকাতা:- টানা বৃষ্টিতে নাজেহাল মহানগর। তার মধ্যেই প্রবল বৃষ্টিতে শহরে পর পর বাড়ি ভেঙে পড়ায় বেড়েছে বিপত্তি। টানা বৃষ্টিতে মধ্য কলকাতার গিরিশপার্ক ও বউবাজারে ভেঙে পড়েছে দুটি পুরনো বাড়ি। ওই এলাকায় রয়েছে আরও বেশ কিছু পুরনো বাড়ি। যেই বাড়ি গুলির ভবিষৎ নিয়েও বাড়ছে শঙ্কা। সূত্রের খবর, আজ শুক্রবার সকালে গিরিশপার্ক থানা এলাকার ১২ নম্বর সুধীর চ্যাটার্জি স্ট্রিটে ভেঙে পরে একটি নির্মীয়মাণ বাড়ি।বাড়িটা বহু বছরের পুরনো। বেশ কিছুদিন আগে থেকেই শুরু হয়েছিল ওই বাড়ি সংস্কারের কাজ। আর তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। লাগাতার বৃষ্টির কারণেই এই বিপত্তি বলে মনে করছেন বাড়ির কর্তা প্রণবা নন্দ চক্রবর্তী। বাড়িটির দেওয়ালের এক দিক থেকে বেড়ে উঠতে শুরু করেছিল প্রকান্ড বটগাছ। পুরোনো পলেস্তারা’ও খসে পড়তে শুরু করেছিল বাড়িটির। আর সেকারণেই তড়িঘড়ি বাড়ি সারাইয়ের কাজে হাত দিয়েছিল পরিবার।
এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বউবাজার মার্কেট সংলগ্ন এলাকায়। সেখানেও একটি পুরনো বাড়ির বারান্দার বড় অংশ আচমকাই ভেঙে পড়ে আজ সকালে। বিবি গাঙ্গুলী স্ট্রিটের ওই বাড়ির নিচে রয়েছে একাধিক দোকান ঘর। বারান্দার অংশটি ভেঙে পড়ার সময় খোলা ছিল ওই দোকান গুলি। আজ সকাল ৯ টা ১৫ মিনিট নাগাদ বিকট আওয়াজ হয়ে ভেঙে পরে বাড়িটির অংশ। যদিও এই দুই ক্ষেত্রেই কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনা গুলি ঘটার পরেই দ্রুত ওই দুইজায়গায় পৌঁছেছে পুলিস এবং কলকাতা পুরসভার বিশেষ ডিজাস্টার মেজাস্টার ম্যানেজমেন্টের দল।

Be the first to comment