রোজদিন ডেস্ক, কলকাতা:- অনুব্রতর পর পুলিশকে নিশানা করে হুঙ্কার তৃণমূলের আর এক বিধায়ক হুমায়ুন কবির।বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালাগাল দেওয়া এবং অশ্লীল কথাবার্তা বলার অভিযোগে ইতিমধ্যে রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে অনুব্রত মণ্ডল। এমন পরিস্থিতিতে পুলিশকে নিশানা করলেন শাসকদলের আর এক বিধায়ক।
হুমায়ুন কবীর বলেন, “আমরা সরকারে রয়েছি। হাতে পায়ে বেড়ি, তাই কিছু করতে পারছি না। বিরোধী দলে থাকলে ২৪ ঘণ্টার মধ্যে থানার পুলিশকে শায়েস্তা করে দিতাম।”
মুর্শিদাবাদের কয়েকটি থানার নাম উল্লেখ করে তিনি বলেন, “লালগোলা, সামশেরগঞ্জ , ভরতপুর এমন কয়েকটি থানা রয়েছে য়েখানে এমন সব কর্মকাণ্ড চলে যাতে সাধারণ মানুষকে হয়রানি হতে হয়।”
রাজ্যের অধিকাংশ থানাগুলিতেই আইনশৃঙ্খলার পরিস্থিতি নেই বলে বিভিন্ন সময় অভিযোগ করে থাকেন হুমায়ুন। পরোক্ষে বিরোধীদের সেই বক্তব্যকেই হুমায়ুন সমর্থন করলেন কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে। একইসঙ্গে তিনি যেভাবে ২৪ ঘণ্টার মধ্যে পুলিশকে শায়েস্তা করার হুঁশিয়ারি দিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠছে।

Be the first to comment