প্রতিবেদন: অঙ্গনওয়াড়ি কেন্দ্রকেও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণ্য করতে হবে। ফলে কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান করা যাবে না। এক মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এক মদের দোকানের মালিকের আবেদন খারিজ করে নিম্ন আদালতের আগের রায় বহাল রাখে। জানা গিয়েছে, হুগলি জেলার সারাই তিনার গ্রাম পঞ্চায়েতের তিনার মৌজায় ভাড়া বাড়িতে একটি বিদেশি মদের দোকান চালাতেন আবেদনকারী। পরে নিজের জমিতে দোকানটি সরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের আবগারি দফতরের কাছে আবেদন জানান তিনি। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় দফতর। এর পরেই আদালতের দ্বারস্থ হন দোকানমালিক।
আবেদনকারীর যুক্তি ছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সমতুল্য হিসেবে গণ্য করা যায় না। তাই ওই কেন্দ্রের উপস্থিতিকে মদের দোকান স্থানান্তরের ক্ষেত্রে বাধা হিসেবে দেখা উচিত নয়। আবেদনকারীর এই যুক্তি খারিজ করে দেয় আদালত। বিচারপতিদের পর্যবেক্ষণ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার সংক্রান্ত আইন এবং সংশ্লিষ্ট বিধির পরিপ্রেক্ষিতে এই কেন্দ্রগুলিকে শিক্ষা প্রতিষ্ঠানের আওতায় বিবেচনা করা যায়। ২০০৩ সালের পশ্চিমবঙ্গ আবগারি বিধির অষ্টম নিয়ম অনুযায়ী, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে মদের দোকান স্থাপনের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। আদালতের বক্তব্য, সেই বিধি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। অর্থাৎ, কোনও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক হাজার ফুটের মধ্যে মদের দোকান স্থানান্তর করা যাবে না। এই রায়ের ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আশপাশে মদের দোকান স্থাপন ও স্থানান্তরের ক্ষেত্রে নির্ধারিত দূরত্বের বিধি মেনে চলার বিষয়টি আরও স্পষ্ট হল।

Be the first to comment