প্রতিবেদন: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী জেলবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে ফের শোরগোল পড়ে গেল দেশে। জেলের ভিতরে মৃত্যু হতে পারে তাঁর, ফের এমনই আশঙ্কা প্রকাশ করে পাকিস্তানের শীর্ষ আদালতের বিচারপতিদের চিঠি দিলেন তিনি। চিঠিতে জেলে তাঁর চিকিৎসারও দাবি জানান তিনি। এই নিয়ে আদালতের নির্দেশ কার্যকর করার দাবিও জানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, জেলে ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না তিনি। দিন দিন তাঁর শরীর খারাপ হচ্ছে। এই অবস্থায় তাঁর আশঙ্কা, তিনি হয়তো আর জীবন্ত অবস্থায় জেল থেকে বেরতে পারবেন না। নিজের পাশাপাশি স্ত্রী মানেকা বুশরা বিবির চিকিৎসারও আবেদন জানিয়েছেন তিনি। ২০২৩ সালের অগাস্ট থেকে জেলবন্দি রয়েছেন ইমরান। তাঁর এখন বয়স প্রায় ৭৫ বছর। সম্প্রতি তাঁর আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্ট, ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি দিয়েছেন তিনি। সেখানে চিকিৎসার বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগেও তিনি জেলে চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ করেছিলেন। সূত্রের খবর, তাঁর দৃষ্টিশক্তিও ক্ষীণ হয়ে আসছে। জেলবন্দি ইমরান খানের এই অবস্থার কথা জানাজানি হওয়ার পর সুনীল গাভাসকার-সহ ভারতের একাধিক ক্রিকেটাররাও পাক সরকারের কাছে ইমরান খানের চিকিৎসার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন।

Be the first to comment