রোজদিন ডেস্ক : নতুন ভারত (India) কাউকে ভয় পায় না। পরমাণু হামলার হুমকিই হোক বা অন্য কিছু, ভারত কোন কিছুতেই ভীত নয়, সে শত্রুর ঘরে ঢুকে সন্ত্রাসীদের নিকেশ করে, নিজের ৭৫ বছরের জন্মদিনে রীতিমত হুংকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
মধ্যপ্রদেশের ধারে এক অনুষ্ঠানে এই সব বলেন তিনি। মাথায় রঙিন টুপি, চওড়া কাঁধে রংবেরঙের শালের বর্ণময় পোশাকে দৃশ্যত আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী জানিয়ে দেন, এটি নতুন ভারত, এই ভারত কাউকে ভয় পায় না। প্রতিবেশী পাকিস্তানকে তোপ দেগে তিনি বলেন, ওখানকার জঙ্গিরা ভারতীয় মহিলাদের সিঁদুর মুছে দিয়েছিল, ভারত ওদের ঘরে ঢুকে জঙ্গিদের নিকেশ করে এসেছে। জঙ্গি শীর্ষ নেতা মাসুদ আজাহারের পরিবার যে এতে ছিন্নভিন্ন হয়ে গেছে, কালই জইশ জঙ্গি তা স্বীকার করার কথাও বলেন তিনি।
রীতিমত আত্মপ্রত্যয়ের সঙ্গে বলেন, মেক ইন ইন্ডিয়া কে তুলে ধরতে হবে। দেশের ২৪০ কোটি মানুষকে তাঁর অনুরোধ, সবাই যেন দেশে তৈরি জিনিসই ব্যবহার করেন।
আমেরিকার সঙ্গে বাণিজ্য নীতি নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধানমন্ত্রীর এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। দৃশ্যত আপ্লুত মোদিজী আবেগঘন স্বরে বলেন, দেশের কোটি কোটি মা বোনরা তাঁকে আশীর্বাদ করেছেন। নারীশক্তিই আসল শক্তি। তিনি মহিলাদের জন্য বিশেষ আয়ূষ্মান আরোগ্য মন্দির প্রকল্পের ঘোষণা করেন। আগামী ২ অক্টোবর অবধি চলা এই প্রকল্পে মহিলাদের স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ নজর দেওয়া হবে। তাঁদের মানসিক স্বাস্থ্য, রক্তাল্পতা ইত্যাদি খতিয়ে দেখা হবে।
প্রায় চার কোটি মহিলা এতে উপকৃত হবেন বলে প্রকাশ।
প্রধানমন্ত্রী আজ পি এম মিত্র পার্কের ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ধার জেলার ভৈঁসোলা গ্রামের ২১৫৮ একর জমিতে গড়ে উঠবে বিশ্বমানের অত্যাধুনিক বস্ত্র উৎপাদন প্রকল্প। মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কর্নাটক, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা এতে উপকৃত হবে।
ধারে এক রোড শো – এ অংশ নেন প্রধানমন্ত্রী। তাঁকে নিয়ে স্থানীয় মানুষের উচ্ছাস ছিল চোখে পড়ার মত। যা নিয়ে আপ্লুত তিনি নিজেও।

Be the first to comment