JAGATDHARTRI PUJA: পদপিষ্ট হওয়ার আশঙ্কা, জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীতেই বন্ধ করা হল হুগলির মানকুণ্ডুর পুজো মণ্ডপ

Spread the love

রোজদিন ডেস্ক: ফের ভিড়ের চাপে চোরবাগানের আশঙ্কা। আর সেই আশঙ্কা দেখা দিতেই হুগলির মানকুণ্ডুর জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধ করল প্রশাসন। জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠীর সন্ধ্যায় মানকুন্ডুর ওই মণ্ডপে ভিড়ের চাপে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। দর্শনার্থীদের অতিরিক্ত ভিড় এবং ভিআইপিদের কনভয়কে কেন্দ্র করে তৈরি হওয়া হুড়োহুড়ির জেরে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিতেই তড়িঘড়ি রাত ৮টার কিছু পরেই মানকুণ্ডু সার্কাস মাঠ সংলগ্ন পুজো মণ্ডপ বন্ধের সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন।

শনিবার থেকে কার্যত জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উৎসবের আবেগে ভাসতে শুরু করেছে হুগলি। চন্দননগর, মানকুণ্ডু, শ্রীরামপুর থেকে রিষড়া জুড়ে শুরু হয়ে গিয়েছে মানুষের ঢল। এই বাঁধভাঙা উচ্ছ্বাসের জেরে ফের উসকে উঠল চোরবাগানের স্মৃতি। জগদ্ধাত্রী পুজোয় সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কড়া পদক্ষেপ নিতে বাধ্য হল পুলিশ ও জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যের পর থেকে মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ এবং প্রতিমা দর্শন সাময়িক ভাবে বন্ধ করল প্রশাসন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর বিকেল গড়াতেই মানকুন্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ চত্বরে কাতারে কাতারে মানুষ জমায়েত হন। সন্ধ্যার পর সেই ভিড় কার্যত জনসমুদ্রের চেহারা নেয়। এই প্রবল ভিড়ের মধ্যে মণ্ডপ পরিদর্শনে আসেন বিজেপি নেতা সুনীল বনসল-সহ কয়েকজন শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অভিযোগ, তাদের কনভয় ওই চত্বরে ঢুকতেই পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে। কনভয় ঢুকে পড়ায় দর্শনার্থীরা মাঝপথে আটকে পড়েন। রাস্তায় প্রবল হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়। পদপিষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ভিড় ঠেলে কোনওমতে কনভয়টিকে নিরাপদে সেখান থেকে বের করে দেয়। তারপরই আর কোনও ঝুঁকি না নিয়ে রাত ৮টা থেকে মানকুন্ডু সার্কাস মাঠে দর্শনার্থীদের ঢোকা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় মানকুন্ডু স্পোর্টিং ক্লাবের মণ্ডপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*