রোজদিন ডেস্ক : দীর্ঘদিন যোগ্যতার সঙ্গে শিক্ষকতা করার পর শীর্ষ আদালতের নির্দেশে ফের তাঁদের টেট দেওয়া অমর্যাদাকর। দেশব্যাপী ৭০ লক্ষ শিক্ষক এর ফলে অনিশ্চয়তায় ভুগছেন। কেন্দ্র ও রাজ্য সরকারগুলিও এই বিষয়ে কোন ব্যবস্থা না নেওয়ার প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর দিল্লির যন্তর মন্তরে ধর্ণা দেবেন তাঁরা। সর্বভারতীয় প্রাথমিক শিক্ষক ফেডারেশন (এআইপিটিএফ) এই ধর্ণার ডাক দিয়েছেন বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানিয়েছেন।
ইতিমধ্যে এই রাজ্য সরকার শিক্ষক শিক্ষিকাদের বায়োডাটা সংগ্রহ করছে, ত্রিপুরা, অন্ধ্রপ্রদেশ সরকার কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ফের টেট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই ঘটনায় তাঁরা আতঙ্কিত বলে আনন্দ হাণ্ডা উদবেগ ব্যক্ত করেন। বলেন, দীর্ঘ ২০/২৫ বছর শিক্ষকতা করার পরও এইভাবে ফের পরীক্ষা নেওয়া রীতিমত অমর্যাদাকর। এর ফলে অনেকেরই অনুর্তীর্ণ হওয়ার আশঙ্কা। এর ফলে সরকারি বিদ্যালয়গুলির শিক্ষাব্যবস্থায় ডামাডোল হওয়ার সম্ভাবনা। কেন্দ্র ও রাজ্য সরকার এই বিষয়ে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন, অধ্যাদেশ জারি ইত্যাদি কিছুই করেনি। বারবার এই আর্জি জানিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যে অনেক শিক্ষক আতঙ্কে প্রাণ হারিয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন।
এরই প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর দিল্লিতে ধর্ণা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment