জয় শ্রী রাম ধ্বনি হিজাব পরিহিত বিচারপতিকে দেখে, শিলিগুড়ি আদালতে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : 
হিজাব পরিহিত বিচারপতিকে দেখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার গুরুতর অভিযোগ উঠল শিলিগুড়ির মহকুমা আদালতে। নজিরবিহীন এই ঘটনায় আইনজীবীরা-সহ বিভিন্ন মহল এর তীব্র নিন্দা করেছেন। সূত্রের খবর, বুধবার আদালতের চার নম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে এই ঘটনা হয়।
একটি মামলায় অভিযুক্তদের নাম ডাকার সময় আচমকাই এক অভিযুক্ত জয় শ্রীরাম ধ্বনি দেন। হিজাব পরিহিত বিচারপতিকে দেখে তাঁর এই আচরণ বলে উপস্থিত আইনজীবী-সহ অন্যরা মনে করেন। এই ঘটনায় আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। অভিযুক্তদের আইনজীবী তথা বিজেপি নেতা ত্রিদীপ সাহা এই ঘটনায় রীতিমত অস্বস্তিতে পড়েন। তখনই ক্ষমা প্রার্থনা করে বলেন, অনেকে সম্ভাষণ জানাবার সময় এই ধরনের বাক্য বলেন। অভিযুক্তদের একজন না বুঝে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছেন বলে তিনি সাফাই দেন।
এতে অবশ্য বিতর্ক থামেনি। আইনজীবীরা আদালতের পবিত্রতা, নির্দিষ্ট প্রোটোকল লঙ্ঘনের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। শিলিগুড়ি বার এসোসিয়েশনের সভাপতি উদয় শঙ্কর মালাকার এর তীব্র নিন্দা করে বলেন, অত্যন্ত অনভিপ্রেত এই ঘটনা। আদালত চাইলে সুয়োমটো মামলা হতে পারত।

সর্বভারতীয় লইয়ার্স এসোসিয়েশনের দার্জিলিং জেলার সম্পাদক দিবাকর রায়, পশ্চিম বঙ্গ বার কাউন্সিলের সদস্য শিলিগুড়ির বিশিষ্ট আইনজীবী অলকেশ চক্রবর্তী প্রমুখ এই ঘটনার তীব্র নিন্দা করেন। তাঁরা একে শুধু ভুল নয়, অপরাধ বলে মনে করছেন। আদালত নিরপেক্ষ বিচারের জায়গা, সেখানে কোনও ধর্মীয়, রাজনৈতিক ধ্বনি কাম্য নয় বলেই তাঁরা মনে করেন। এই অনভিপ্রেত ঘটনায় আইনজীবী মহলে চাপা উত্তেজনা আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*