দীপু দাসের পর বাংলাদেশে মারা গেলেন আক্রান্ত খোকন দাস

Spread the love

রোজদিন ডেস্ক : নতুন বছর শুরুর ঠিক আগে বাংলাদেশে বাড়ি ফেরার পথে আক্রান্ত হয়েছিলেন ওষুধ ব্যবসায়ী খোকন দাস। দুষ্কৃতিরা তাঁকে প্রচণ্ড মারধর করে গায়ে আগুন লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আজ সকালে সেখানেই শেষ নিশ্বাস ফেলেন তিনি। এই মর্মান্তিক মৃত্যুর খবরে ওই দেশের সংখ্যালঘু সম্প্রদায় মহলে যুগপৎভাবে গভীর শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মৃত খোকন দাসের শোকার্ত স্ত্রী সীমা দাসের বক্তব্য, ওঁর সঙ্গে কারও কোন শত্রুতা ছিল না। ধীর, স্থির, শান্ত স্বভাবের নিরীহ মানুষটিকে কেন এমন নৃশংসভাবে মারা হল তিনি প্রশ্ন তুলেছেন। খোকন দাসের শোকসন্তপ্ত পরিবার এই ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি যাঁদের নাম বলে গেছিলেন, তাঁদের গ্রেফতারের দাবি জানান পরিবার।
উল্লেখ্য, গত বছরের শেষ মাসে দক্ষিণপন্থী ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যুর পর ফের অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রোশ আছড়ে পড়েছে। ময়মনসিংহে তরুণ দীপু চন্দ্র দাসকে কারখানার মধ্যেই পিটিয়ে মেরে প্রকাশ্যে তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর পরের শিকার সম্রাট মন্ডল। তাঁকেও পিটিয়ে মারা হয়। তিনি জোর করে ভয় দেখিয়ে টাকা তুলতেন বলে প্রশাসন জানায়। এর পরে আক্রান্ত হন খোকন দাস।
সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষের জেরেই তাঁদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। বাংলাদেশ সরকার এই সব ঘটনাকে বিচ্ছিন্ন অপরাধ বলে দাবি করলেও আদতে তা কতটা বিশ্বাসযোগ্য, সেই প্রশ্ন উঠেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*