KOLKATA WATER SUPPLY: চলছে টালার পাইপ মেরামতির কাজ, বুধবারও জলযন্ত্রণার শিকার মহানগরীর বাসিন্দারা

Spread the love

প্রতিবেদন: সোমবারই আচমকা ফেটে যায় টালার শতবর্ষ প্রাচীন পানীয় জলের পাইপলাইন। প্রশাসনের হাজারো আশ্বাস সত্ত্বেও বুধবারও স্বাভাবিক হল না পরিস্থিতি। ফলে জলযন্ত্রণা জারি শহরবাসীর। চারিদিকে পানীয় জলের হাহাকার। অভিযোগ, স্থানীয় বাসিন্দাদের বারংবার সতর্কবার্তা সত্ত্বেও ঘুম ভাঙেনি প্রশাসনের। আর সেই উদাসীনতার খেসারত দিতে হচ্ছে উত্তর, দক্ষিণ-সহ মহানগরীর বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ মানুষকে। সোমবার সকাল থেকে কল দিয়ে জল পড়া বন্ধ, এক বালতি জলের জন্য হাহাকার পাড়ায় পাড়ায়। সমস্যা মেটাতে হোয়াটসঅ্যাপ নম্বর চালু হয়েছে। কিন্তু জল কই, প্রশ্ন বাসিন্দাদের। টালা ব্রিজের নিচে ব্রিটিশ আমলের ৭২ ইঞ্চি ব্যাসের প্রধান পাইপলাইনটির জীর্ণ দশা নিয়ে স্থানীয় মানুষ ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই আশঙ্কায় ছিলেন। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হলে এই ভয়াবহ বিপর্যয় এড়ানো যেত বলেই তাদের দাবি। কিন্তু না পূর্বতন, না বর্তমান সরকার কেউই তাতে আমল দেয়নি। নিট ফল, সোমবার সকালে সশব্দে ফেটে যায় ওই পাইপ। বিপুল পরিমাণ পানীয় জল নষ্ট হওয়ার পাশাপাশি স্তব্ধ হয়ে গিয়েছে শহরের স্বাভাবিক জনজীবন। শুধু যে গৃহস্থের রান্নাঘর ও শৌচাগারে জলের আকাল দেখা দিয়েছে তা-ই নয়, জমা জলের জেরে ব্যাহত হয়েছে রেল চলাচলও। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, মঙ্গলবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় ট্যাঙ্কার পাঠিয়ে জল দেওয়া হচ্ছে এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডে-সহ আধিকারিকরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। কিন্তু বাস্তবে যা প্রয়োজন তার কাছে এটা কোনও কিছুই না। ভুক্তভোগী মানুষের ক্ষোভ, লক্ষ লক্ষ মানুষের প্রতিদিনের জলের চাহিদা কি গোটা কয়েক জলের ট্যাঙ্কার দিয়ে মেটানো সম্ভব? এরই মধ্যে মঙ্গলবার কলকাতা পুরসভা জানিয়ে দিয়েছে, যে মেরামতির কাজ শেষ হতে আরও ৪৮ ঘণ্টা সময় লাগবে। ফলে বৃহস্পতিবারের আগে শহরবাসীর জলযন্ত্রণা মিটছে না, এটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*