রোজদিন ডেস্ক : তৃণমূল কংগ্রেস জমানায় রাজ্যে স্বীকৃতি পেয়েছিল কুড়মালি ভাষা। কিন্তু বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক এখনও নেই। এর ফলে এবার জঙ্গলমহল থেকে নবনির্বাচিত বিজেপির ৫ কুড়মি বিধায়কের কুড়মালি ভাষায় শপথ গ্রহণ করার ক্ষেত্রে সমস্যা দেখা গিয়েছে। বিধানসভার সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে, বাংলা, হিন্দি, ইংরাজি, উর্দু ও সাঁওতালি ভাষার মধ্যেই শপথ বাক্য পাঠের জন্য ভাষা নির্বাচন করতে হবে। এই নির্দেশের পরেই বিজেপির কুড়মি বিধায়করা ক্ষোভ প্রকাশ করেছেন। সমাজমাধ্যমেও সেই ক্ষোভ উগরে আদিবাসী কুড়মি সমাজের তরফে অজিতপ্রসাদ মাহাতো জানান, তৃণমূল সরকার ২০১৮ সালে নোটিফিকেশন জারি করে এই ভাষাকে স্বীকৃতি দিয়েছে। বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার অনুবাদক নেই। এরপরেই সরকারি আদেশনামা নিয়ে প্রশ্ন উঠছে। অবিলম্বে কুড়মালি অনুবাদক নিয়োগ করার দাবি জানানো হয়েছে। প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার থেকে বিধায়কদের শপথ শুরু। জঙ্গলমহলে বিজেপির ৫ কুড়মি বিধায়ক হলেন জয়পুরের বিশ্বজিৎ মাহাতো, বাঘমুণ্ডির রহিদাস মাহাতো, বলরামপুরের জলধর মাহাতো, গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো ও শালবনির বিমান মাহাতো।

Be the first to comment