রোজদিন ডেস্ক : লাদাখে গতকাল হিংসাত্মক ঘটনার জন্য সোনম ওয়াংচুককে দায়ী করলো সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের মতে, সোনমের ইন্ধনেই বিজেপি দফতরের সামনে জমায়েত করে ওখানে আগুন দেওয়া হয়। লেহ-র সরকারি প্রধানের কার্যালয়েও হামলা চলে। গতকাল পুলিশের গুলিতে চারজন নিহত ও অনেকে আহত হওয়ার পর পরিস্থিতি থমথমে। তবে নতুন করে কোন হিংসাত্মক ঘটনার খবর মেলেনি। প্রশাসন সবরকম সতর্কতামুলক ব্যবস্থা নিয়েছে। চলছে কড়া নজরদারি।
সূত্রের খবর, সোনম ওয়াংচুকের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ উঠেছে। তিনি আরব বসন্তের ধাঁচে বিক্ষোভের কথা বলেছিলেন। সম্প্রতি নেপালের তরুণ প্রজন্মের তুমুল আন্দোলনেরও উল্লেখ করেছিলেন। এতেই জনতা বিভ্রান্ত হয় বলে প্রশাসন মনে করে। গত দশ সেপ্টেম্বর থেকে লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে অনশন করছিলেন তিনি। অথচ গোলমালের কথা শুনেও তিনি তা নিয়ন্ত্রণের কোন চেষ্টা করেননি।
সম্প্রতি বিশিষ্ট এই সমাজকর্মীর বিরুদ্ধে ফেরা আইন লংঘনের অভিযোগ নিয়েও চাঞ্চল্য দেখা দিয়েছে। এই সব নিয়ে সিবিআই তাঁকে তলব করলেও তিনি যাননি। তাঁর শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফেরা আইন লঙ্ঘনের অভিযোগ নিয়ে তদন্তও চলছে বলে প্রকাশ।

Be the first to comment