শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : দিঘায় জগ্ননাথ মন্দির, নিউ টাউনে দুর্গা মন্দিরের পর এবার শিলিগুড়িতে মহাকাল মন্দির হবে।  আজ দার্জিলিং-এ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই মহাকাল মন্দিরের কথা ঘোষণা করে জানান, সব থেকে বড় শিব ঠাকুর থাকবেন সেখানে।

আজ দার্জিলিং-এ মহাকাল মন্দিরে যান তিনি। পুজো দেন। পাহাড়ের শান্তি কামনা করেন।

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত পাহাড় ও উত্তরবঙ্গে দ্বিতীয় বারের সফর সেরে আজই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। সকাল থেকে ছিলেন খোশমেজাজে। রিচমন্ড রোড থেকে হেঁটে ম্যাল এর মহাকাল মন্দিরে যান। পথের দুদিকে উৎসুক সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আদর করেন কচি কাঁচা দের। তাদের চকলেট, পুতুল দেন। মহাকাল মন্দির দেখে বেরিয়ে তিনি আরও জানান,এখানে দেব দর্শনে আসার জন্য বয়স্ক ও বিশেষভাবে সক্ষমদের বিদ্যুৎচালিত গাড়ির ব্যবস্থা করা হবে। এই বিষয়ে তিনি জিটিএ-কে নির্দেশও দিয়েছেন।

শৈল শহর দার্জিলিং-এ আসা পর্যটকদের সঙ্গে ও কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁরা কোথায় কোথায় গেছেন, কোন অসুবিধা হয়েছে কিনা ইত্যাদি জানতে চান। রাজ্যের মুখ্যমন্ত্রী কে কাছে পেয়ে পাহাড়বাসী, পর্যটকরাও খুশি। তাঁর সঙ্গে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, জিটিএ প্রধান অনীত থাপা প্রমুখ ছিলেন।

মুখ্যমন্ত্রী জানান, দিঘায় জগ্ননাথধাম করেছেন তিনি। রাজারহাটে দুর্গাঙ্গন হচ্ছে। সেখানে অছি পরিষদ হয়েছে। চিহ্নিত হয়েছে জমিও। ধর্মীয় স্থান করায় এবার তিনি উত্তরবঙ্গে নজর দিচ্ছেন বলে আভাস মেলে।

জানান, মহাকাল মন্দিরের জন্য শিলিগুড়ির কাছে জেলাশাসককে ভাল জমি দেখতে বলেছেন। সেখানে কনভেনশন কেন্দ্র হবে। তার পাশেই হবে বড় মহাকাল মন্দির। সব থেকে বড় শিব ঠাকুর সেখানে থাকবেন। এর জন্য সেখানেও অছি পরিষদ করা হবে।

উল্লেখ্য, কয়েকশো কোটি টাকায় তৈরি  দিঘার জগন্নাথ মন্দিরের দেখা শোনার ভার ইসকন কে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যে বিজেপির হিন্দুত্বকে টক্কর দিতেই তাঁর এই সব প্রকল্প বলে অভিজ্ঞ মহল মনে করেন।

আজ মহাকাল মন্দিরে পুজো দিয়ে খুব খুশি তিনি। বলেন, পুজো খুব ভাল হয়েছে। অনেক পর্যটক আসছেন। দুর্যোগের সময় তিনি ও জেলা প্রশাসন পুলিশের সঙ্গে মিলে প্রায় দেড় হাজার পর্যটককে সমতলে নিরাপদ জায়গায় পাঠিয়েছিলেন। এখন আবার বহু পর্যটক আসছেন। আজ তিনি তাঁদের অনেকের সঙ্গে কথা বলেছেন। দার্জিলিং যাওয়ার জন্য তিনধারিয়া ও পাংখাবাড়ির রাস্তা খোলা আছে। রোহিণীর রাস্তাও শীঘ্র খুলে যাবে বলে জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*