দেশের নিরাপত্তার বিষয়ে কেন্দ্রের পাশে তৃণমূল জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনীতি নয়। এনিয়ে ভারত সরকারের পাশে আছে তৃণমূল। পহেলগাঁও কাণ্ড নিয়ে ফের একবার নিজের ও দলের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হওয়ার আগে ডুমুরজোলা থেকে একথা জানিয়েছেন তিনি।
এদিন কপ্টারে চড়ার আগে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মমতা বলেন, ‘দেশে এখন যা চলছে, জাতীয় নিরাপত্তার বিষয়ে, আমরা বলেই দিয়েছি, তাতে আমাদের দল কেন্দ্রীয় সরকারের পাশে থাকবে।’ পহেলগাঁওয়ের ঘটনার সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল কোনও রাজনীতি করতে চায় না, এদিন সে বিষয়টি স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। নিহতদের সেই তালিকায় পশ্চিমবঙ্গের বাসিন্দারও নাম ছিল। জানা গিয়েছে, এই ঘটনার পর মন্ত্রিসভার বৈঠকে মমতা স্পষ্ট করেছিলেন, দেশের অত‍্যন্ত সংবেদনশীল এই বিষয়টিতে কেউ যেন প্রকাশ্যে আবেগে কোনও মন্তব্য না করেন।
এদিকে পহেলগাঁওয়ের ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসাও বাতিল করা হয়েছে। দুই দেশের মধ্যে বাণিজ্য আপাতত বন্ধ রয়েছে। দুই তরফে বন্ধ করা হয়েছে আকাশসীমা। এদিকে পাকিস্তান প্রথম থেকেই দাবি করে আসছে, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*