আজ কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ দেবেন আগামীকাল শুক্রবার

Spread the love

রোজদিন ডেস্ক : বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে ত্রাণ ও পুনর্বাসনের কাজ তদারক করে আজ বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরে কাল শুক্রবার তিনি শহরের কয়েকটি কালীপুজোর উদ্বোধন করবেন। পুজোর মুখে কলকাতায় অতিবৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১২ জনের পরিবারের হাতে আর্থিক ক্ষতিপূরণ তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ১৭ অক্টোবর বিকেলে শহরের এক কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই রাজ্য সরকারের তরফে প্রতিটি পরিবারকে দু’লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।পাশাপাশি, মৃতদের পরিবারের একজনকে চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হবে।

বুধবার উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মৃতদের পরিবারকে ইতিমধ্যেই পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং তাঁদের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হচ্ছে। ওই বৈঠক থেকেই তিনি বলেন, কলকাতায় ফিরে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পরিবারগুলির হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে।পুজোর আগেই টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছিল। সেই জলে বিদ্যুতের খোলা তারে পা দিয়ে মৃত্যু হয়েছিল ১২ জনের। ঘটনার পর মুখ্যমন্ত্রী তীব্র সমালোচনা করেন সিইএসসি-র। তিনি বলেন, এই গাফিলতি একান্তই সিইএসসি-র, তাই ক্ষতিপূরণ ওদেরই দেওয়া উচিত। তিনি আরও বলেছিলেন, সিইএসসি যদি মৃতদের পরিবারকে চাকরি না দেয়, তবে সেই দায়িত্ব নেবে রাজ্য সরকার। হোমগার্ড বা সিভিক পুলিশের মতো কাজ দেওয়া হবে। সেই মতোই কথা রাখলেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*